রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বৈঠক করতে সংসদ ভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের তপশিল ঘোষণা করা হতে পারে।
তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিবও বৈঠকে অংশ নিয়েছেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বর্তমানে ডেপুটি স্পিকার জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। আইন অনুযায়ী, স্পিকারের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেন সিইসি। এ নির্বাচনে ভোট দেন জাতীয় সংসদের সদস্যরা।
.png)






