ডিসি সারওয়ারের বদলির সঙ্গে মাজারের কোনো সম্পর্ক নেই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের সাম্প্রতিক বদলির ঘটনার সঙ্গে স্থানীয় মাজারের কোনো ইস্যু বা ঘটনার সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
সিলেটের ডিসির বদলির ঘটনায় মাজারে নেওয়া পদক্ষেপের মধ্যকার যোগসূত্র নিয়ে অনলাইনে চলমান আলোচনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ঘটনাটি (বদলির আদেশ) মাজারের ঘটনার পরে ঘটেছে বলেই অনলাইনে কেউ কেউ এ ধরনের একটি পারসেপশন (ধারণা) তৈরির চেষ্টা করছেন। কিন্তু এটিকে আমরা এভাবে মেলাব কেন?
ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, সরকার তার এক্তিয়ারের মধ্যে অনেক সিদ্ধান্ত নেয়, যার সবকিছুর ব্যাখ্যা সবসময় সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না এবং এটিই নিয়ম। এর পেছনে কিছু রাষ্ট্রীয় গোপনীয়তাও থাকতে পারে।
তিনি বলেন, এই বদলির ব্যাপারে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে স্পষ্ট বক্তব্য ও বিবৃতি দেওয়া হয়েছে। এর বাইরে আসলে আর কিছু বলার থাকবে না, কারণ মানুষ নানান রকম অনুমান (স্পেকুলেশন) করতেই পারে।
উপদেষ্টা আরও বলেন, সরকার যখনই কোনো সিদ্ধান্ত নেয় বা কোনো ঘটনা ঘটে, তখনই নানান রকম অনুমান শুরু হয়ে যায়। আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারেস্ট গ্রুপ (স্বার্থান্বেষী মহল) সক্রিয় রয়েছে। তবে সরকারের অফিশিয়াল বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে। আমি মনে করি না আসলে এ ধরনের (মাজার) কোনো ইস্যু এখানে আছে।
তবে মাজারের দানের টাকার ব্যবস্থাপনায় স্বচ্ছতা থাকার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা মন্তব্য করেন, মাজারের টাকার হিসাবে স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে সরকারও দ্বিমত পোষণ করবে না।






