পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’

পরিবহন শ্রমিকদের শারীরিক প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ জায়গায় ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। এর দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধান করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্স, মহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স, মতিউর রহমান পার্ক এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়। ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্যসেবা দেন।
ক্যাম্পগুলোতে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে।
বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ পরিবহনচালক ও হেলপার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগেন। সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণ কিংবা নিরাময় সম্ভব হলেও কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না।
ডিএমপির উদ্যোগটি মূলত পরিবহন শ্রমিকদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মানবিক প্রচেষ্টা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানায়, ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা নিয়েছেন।





