চাঁদাবাজির বৈধতা দেওয়া স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল: যাত্রী কল্যাণ সমিতি

পরিবহন মাফিয়াদের আনুকুল্য পেতে নতুন সড়ক মন্ত্রীর দায়িত্ব নিয়ে পরিবহনে চাঁদাবাজির বৈধতা দেওয়া পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল বলে মনে করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচারের সময়ে পরিবহনে চাঁদাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছেছিল। কতিপয় পরিবহন মালিক-শ্রমিক নেতা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, অনেকে শত শত বাসের মালিক হয়েছেন। পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এমন চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে জড়িত হয়ে পড়ায় সাধারণ মানুষ এর প্রতিবাদ করার সাহস পায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি সরকারের একজন নতুন মন্ত্রীর এমন বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে। পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্ন আয়ের মানুষের বাসভাড়া বেড়ে যাচ্ছে, পণ্যমূল্য বৃদ্ধির কারণে সরকারকে বিব্রত করছে।
যাত্রী কল্যাণ সমিতি মনে করে, বিএনপি গণমানুষের দল, তাদের পরিবহন মাফিয়াদের আনুকুল্যে আছে বলে মনে করি না।