একনেকে ১৫ প্রকল্প পাস, কয়েকটিতে আছে শর্ত : পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৭টি প্রকল্প উত্থাপন করা হয়েছে, যার মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের ১০ম একনেক সভা অনুষ্ঠিত হয়।
একনেকের বৈঠক শেষে সাংবাদিকদের জোনায়েদ সাকি বলেন, আজকের সভার এজেন্ডায় থাকা ১৭টি প্রকল্পের মধ্যে ১৫টি নিয়ে আলোচনা হয়েছে। অনুমোদিত এই প্রকল্পগুলোর মধ্যে ৬টি একদম নতুন প্রকল্প, ৭টি সংশোধনী প্রস্তাব এবং ৪টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির আবেদন ছিল। অধিকাংশ প্রকল্প অনুমোদন পেলেও কয়েকটির ক্ষেত্রে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় প্রতিটি প্রকল্পের বিভিন্ন খাতের ব্যয় নিয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় সাশ্রয়ী হওয়া এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার কারণ তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
প্রকল্পের প্রয়োজনীতা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটা সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল যে যেগুলো চলমান প্রকল্প এবং যেসব প্রকল্প প্রস্তাবিত হয়েছে বিগত সময়ে; সেসব প্রকল্পকে আমারা রিভিউ করব। অনেকগুলো প্রকল্প এমন অবস্থায় চলে এসেছে যে সেগুলোর হয়তো প্রয়োজন নেই।
জোনায়েদ সাকি বলেন, প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট। ব্যয়ের দিক থেকে আমাদের সাশ্রয়ী হতে হবে। এ ছাড়া ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে, সেগুলো যৌক্তিকতা যাচাই-বাছাই করা। যে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেগুলো কতটা সামগ্রিকভাবে আমাদের জনগণের জীবনে যে উন্নতি চিন্তা করা হয়েছে, বর্তমান সরকারকে তার যে নির্বাচনি ইশতেহার পরিকল্পনা সবগুলোর সঙ্গে সামঞ্জস্য কি না, এসব দিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নির্দেশনা দিয়েছেন।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।