মিরপুরে সড়ক অবরোধ, মেট্রো স্টেশন বন্ধ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে মিরপুর ১১ নম্বরের মেট্রো স্টেশন শিডিউল বিপর্যয়ে সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, আন্দোলনরত শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, মিরপুরে শ্রমিকদের আন্দোলনের কারণে মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ না হলেও ট্রেনের সময়সূচিতে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল প্যাসেঞ্জার কমিটি।
যাত্রীদের মেট্রোরেলের সর্বশেষ সময়সূচি জানতে সংশ্লিষ্ট স্টেশন কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য মেট্রোরেলের হেল্পলাইন নম্বর ১৬১৪৫-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
