logo

৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্যমন্ত্রী

৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সরকারের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে উপজেলা পর্যায়েই চিকিৎসাসেবার পরিধি বাড়বে এবং রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কিছুটা কমবে বলে আশা করছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে।

স্বাস্থ্য খাতের আধুনিকায়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতের ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল সংকট দূর করতেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে দেশব্যাপী ব্যাপকসংখ্যক নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে, যা বর্তমানে পুলিশ ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে।

তিনি জানান, দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কিডনি রোগীদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে।

দেশের স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি দেশে এইচআইভি (HIV) বা এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতের গবেষণা ও চিকিৎসাসেবা প্রসারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে আগামী দুই মাসের মধ্যে ৫০ লাখ টাকা সরকারি অনুদান দেওয়ার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিগত সরকার স্বাস্থ্যখাতে লাখ লাখ টাকা অপচয় করেছে শুধু অবকাঠামো করে। এতে মানুষের কোনো উপকারে আসেনি। বর্তমান সরকার অবকাঠামোর সঙ্গে সঙ্গে জনবল নিয়োগেও গুরুত্ব দিচ্ছে। দেশব্যাপী নার্স নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে, পুলিশ ভেরিফিকেশন চলছে।