মন্ত্রণালয় পেলেন আযম খান, দায়িত্ব বাড়ল মীর হেলালের

মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে ভূমি মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করে এই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আজ স্পিকার হিসেবে শপথ নেন। এরপর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। রাতে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ভূমি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন ব্যারিস্টার কায়সার কামাল। এরপর ওই দায়িত্ব পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দেওয়া হয়।