দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরছেন মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দীর্ঘ চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন।
রোববার (৩০ আগস্ট) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে মির্জা আব্বাসের। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে এবং আল্লাহর রহমতে তিনি এখন অনেকটাই সুস্থ। মালয়েশিয়া থেকেই তিনি দেশে প্রত্যাবর্তন করছেন।
গত ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই রাজনীতিবিদ। ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
পরে, উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার ‘প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে’ স্থানান্তর করা হয়। এতদিন তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, বিদেশে চিকিৎসাধীন থাকাবস্থাতেই গত ১ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।



