তথ্যমন্ত্রীর সঙ্গে নারী সাংবাদিক ফোরামের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরামের (বিডব্লিউজেএফ) প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ হয়।
এ সময় মন্ত্রী প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে নারী সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং মানোন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নারী সাংবাদিকদের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নারী সাংবাদিকদের উন্নয়ন ও বিকাশে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জহির উদ্দিন স্বপন নারী ও গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ে গবেষণা, সভা, সেমিনার ও কর্মশালার আয়োজনের গুরুত্ব নিয়েও কথা বলেন এবং এসব উদ্যোগে পাশে থাকার কথা জানান।
বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা মমতাজ বিলকিস বানু ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। তিনি মন্ত্রীকে নারী সাংবাদিকদের পেশায় দক্ষতা বৃদ্ধির জন্য দেশি ও বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান।
প্রতিনিধিদলে আরও ছিলেন বিডব্লিউজেএফের ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভীন (জুনান নাশিত), কোষাধ্যক্ষ শাহনাজ বেগম পলি, সাংগঠনিক সম্পাদক মাসুদা সুলতানা, সদস্য শিরিন সুলতানা ও মাশরেকা মনা।
নারী সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ১৯৮৯ সালে বাংলাদেশ উইমেন জার্নালিস্টস ফোরাম (বিডব্লিউজেএফ) গঠিত হয়।