ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শেষ এক ঘণ্টাতেই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজকে কাটা টিকিট দিয়ে আগামী ২৩ মে যাত্রা করবে মানুষ। ঈদযাত্রার এই অগ্রিম টিকিটের শতভাগ বিক্রি করা হচ্ছে অনলাইনে।
তবে আজ বিক্রি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই রেলের পশ্চিমাঞ্চল রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের জন্য নির্ধারিত টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
বুধবার (১৩ মে) সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পরে বেলা ২টায় বিক্রি শুরু হয় পূর্বাঞ্চল তথা ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য নির্ধারিত টিকিট।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আগামী ২৩ মে ঢাকা থেকে ৪৩টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এর মধ্যে রেলের পশ্চিমাঞ্চলে যাবে ২০টি ট্রেন। এসব ট্রেনের জন্য নির্ধারিত আসনসংখ্যা রয়েছে ১৫ হাজার ২৬৬।
আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হলে প্রথম ১৫ মিনিটে সাড়ে ১২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে যায়। সকাল ৯টার মধ্যে বিক্রি হয় ১৫ হাজার ৪৩টি টিকিট।
সূত্র আরও জানায়, সকালের দিকে টিকিট কিনতে আগ্রহী মানুষের সংখ্যা ছিল প্রচুর। প্রথম আধা ঘণ্টায় টিকিট কেনার জন্য ৬০ লাখ বার চেষ্টা করা হয়। অর্থাৎ ওয়েবসাইটে হিট হয়েছে ৬০ লাখ।
অন্যদিকে রেলের পূর্বাঞ্চলে ২৩ মে ঢাকা থেকে চলাচল করবে ২৩টি ট্রেন। এসব ট্রেনের জন্য ১৫ হাজার ৯৭৪টি টিকিট বরাদ্দ রয়েছে। বেলা ২টা থেকে বিক্রি শুরু হয়।
রেলের কর্মকর্তারা বলেন, পূর্বাঞ্চলের টিকিটের জন্যও ওয়েবসাইটে বিপুল হিট হচ্ছে। এ ছাড়া উত্তরবঙ্গের ট্রেনগুলোয় বরাবরই চাহিদা বেশি। বিশেষ করে ঈদযাত্রায় এসি কামরার টিকিটের চাহিদা বেশি থাকে। ফলে একসঙ্গে অনেক মানুষ টিকিট কেনার জন্য চেষ্টা চালান। সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানের জন্য একজন টিকিট পেয়েছেন, অন্যরা ব্যর্থ হচ্ছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের টিকিট বিক্রির জন্য আগেই সূচি ঠিক করে দেওয়া হয়। সেই সূচি অনুসারে, ১৩ মে বিক্রি হচ্ছে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে।
ঈদ উদযাপন শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে।
টিকিট বিক্রির নির্দেশনা অনুযায়ী, ঈদে অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী দিনে একবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এসব টিকিট অফেরতযোগ্য।
যাত্রীদের সুবিধার জন্য যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে (স্ট্যান্ডিং) যাওয়ার টিকিট বিক্রি হবে। তবে এই টিকিট দিয়ে উচ্চ শ্রেণির কোচে যাতায়াত করা যাবে না।
যেসব রুটে চলবে ট্রেন
রেলের তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে এবার ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলোর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে চলবে ‘তিস্তা স্পেশাল’। চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলবে ‘চাঁদপুর স্পেশাল’। এই দুটি ট্রেন ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী তিন দিন চলাচল করবে।
এ ছাড়া ঈদের আগে ২৪ থেকে ২৬ মে পর্যন্ত তিন দিন এবং ঈদের পর আরও তিন দিন জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ চলবে।
অন্য চারটি বিশেষ ট্রেন শুধু ঈদের দিন চলবে। এসব ট্রেন ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়ার ঈদগাহের উদ্দেশে যাত্রী পরিবহন করবে।
এবারও কোরবানির পশু পরিবহনের জন্য থাকছে পশুবাহী দুটি বিশেষ ট্রেন (ক্যাটল স্পেশাল)। এই ট্রেন দুটি ২২ ও ২৩ মে চলাচল করবে। দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার থেকে ছেড়ে কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবে ট্রেন দুটি।




