জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে কাতারকে আহ্বান বাংলাদেশের

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দোহার অনুষ্ঠিত বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি ও আর্থিক খাতে দুদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এসব বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনায় উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করা এবং যৌথ সহযোগিতার ক্ষেত্রগুলোকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত হয়েছে দুই পক্ষ।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সুবিধাজনক সময়ে কাতারের দুই মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রন জানান।
উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে দুদিনের সরকারি সফরে দোহায় অবস্থান করছেন।


