আজ বিশ্ব জনসংখ্যা দিবস

এশিয়া পোস্ট ডেস্ক
আজ বিশ্ব জনসংখ্যা দিবস
ছবি: সংগৃহীত

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শনিবার (১১ জুলাই) বাংলাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এ উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিবসটি উপলক্ষে আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। পাশাপাশি জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র।

উল্লেখ্য, ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) গভর্নিং কাউন্সিল জনসংখ্যা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মনোযোগ আকর্ষণের লক্ষ্যে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ১১ জুলাই বিশ্বের ৯০টি দেশে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয়।