logo

গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই পদক্ষেপ নেওয়া হবে: ইশরাক

গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই পদক্ষেপ নেওয়া হবে: ইশরাক

গ্যাস সংকট নিরসনে ঈদের আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৭ মার্চ) রাজধানীর শ্যামবাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে রাজধানীর পাইকারি ও খুচরা বাজার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে এবং ঈদের আগেই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এ সময় রমজান ও ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কেউ যেন অবৈধ মজুত করতে না পারে সে বিষয়ে প্রশাসনের মনিটরিং অব্যাহত থাকবে।

পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শ্যামবাজার এলাকায় জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়টি তুলে ধরেন। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণ সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হয়।

ইশরাক হোসেন জানান, আগামী দু-এক দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০ দিনে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং মাঠপর্যায়ে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।