ভুয়া মুক্তিযোদ্ধারা যেসব সুবিধা নিয়েছেন তা পুনরুদ্ধার করা হবে: হাফিজ উদ্দিন আহমদ

ভুয়া মুক্তিযোদ্ধারা যে আর্থিক সুবিধা নিয়েছেন তা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে, জুলাইযোদ্ধাদের পুনর্বাসন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে তার। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও তার পাশে ছিলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ১ লাখ। তা এখন হয়ে গেছে আড়াই লাখ। তো বিরাট সংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে। এমনকি বিগত সরকারের সময় ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছেন এবং তাদের মুক্তিযোদ্ধা ভাতা বাতিল করা হয়েছে।
মন্ত্রী জানান, ভুয়া মুক্তিযোদ্ধারা যে আর্থিক সুবিধা নিয়েছেন, তা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। শহীদ পরিবারকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে এবং আহতদের তিন শ্রেণিতে ভাগ করে মাসিক ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হচ্ছে। তাদের কল্যাণে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। শিক্ষা সহায়তা ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে পুনর্বাসনেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।