logo

নম্বর প্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের সময় বেঁধে দিল বিআরটিএ

নম্বর প্লেট নিয়ে মোটরসাইকেল চালকদের সময় বেঁধে দিল বিআরটিএ
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

সড়কে শৃঙ্খলা ফেরানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি জোরদার করতে মোটরসাইকেলের সামনের দিকেও ম্যানুয়াল নম্বর প্লেট সংযোজন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় এ নম্বর প্লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের মালিকদের নির্ধারিত সময়সীমা ও শর্ত অনুসরণ করে নিজ উদ্যোগে গাড়ির সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে আরএফআইডি (RFID) যুক্ত রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহারের বিধান রয়েছে। তবে সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত শর্ত মেনে ম্যানুয়াল নম্বর প্লেট স্থাপন করতে হবে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বর প্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। যেখানে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বর প্লেটে কোনো ধরনের নকশা বা অতিরিক্ত শোভাবর্ধনের সুযোগ থাকবে না।

নির্দেশনায় স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের নম্বর প্লেটের জন্য আলাদা মাপ নির্ধারণ করা হয়েছে।

স্কুটার মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। নম্বরের ফন্টের উচ্চতা হতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য সাধারণ মোটরসাইকেলের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও নম্বরের ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা অনুসরণ করে মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।