২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশে সেরিব্রাল পালসিতে (সিপি) আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ শিশুর বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে চলতি অর্থবছরেই ২২টি জেলায় সরকারি উদ্যোগে ‘শিশু স্বর্গ’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ব সেরিব্রাল পালসি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (নিনস) আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অন্তত সাড়ে তিন লাখ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। অথচ দেশের শীর্ষ চিকিৎসা প্রতিষ্ঠান নিনসের বহির্বিভাগেই গত বছর সেবা নিতে পেরেছে মাত্র ৩ হাজার ৩০০ শিশু। বাকি বিপুলসংখ্যক শিশু সামাজিক বাস্তবতা ও পরিবারের সীমাবদ্ধতার কারণে একরকম লোকচক্ষুর আড়ালেই থেকে যাচ্ছে। রাষ্ট্র হিসেবে এই শিশুদের অধিকার ও মানবিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সবার।
প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকার কড়াইল বস্তিতে সম্প্রতি সরকারি উদ্যোগে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে, যেখানে শনাক্ত হওয়া প্রায় ৩০০ শিশুকে সেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে ‘কমিউনিটি বেসড আর্লি কেস ডিটেকশন’ (প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ) ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বক্তব্য রাখেন। তিনি আক্রান্ত শিশুদের জন্য একটি সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সব মন্ত্রণালয়ের সমন্বিত প্রয়াসের কথা উল্লেখ করেন।
