logo
Advertisement

ঘোষণা ছাড়াই শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ঘোষণা ছাড়াই শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে বিমানমন্ত্রী
পূর্ব ঘোষণা ছাড়াই বিমানবন্দর পরিদর্শনে যান বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় বিমান অবতরণের পর যাত্রীদের কাছে ব্যাগেজ পৌঁছে দিতে সময় কমানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) পূর্ব ঘোষণা ছাড়াই বিমানবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। দুপুর ১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দা–চট্টগ্রাম–ঢাকা রুটের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে তিনি সেটির ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।

ফ্লাইটের কার্গো হোল্ড খোলা থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডলিং এবং যাত্রীদের কাছে নিরাপদে ব্যাগেজ হস্তান্তর—পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত কর্মকর্তাদের বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানবন্দরে আগত যাত্রীদের ব্যাগেজ ব্যবস্থাপনায় সময় কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য উড়োজাহাজ অবতরণের পর প্যাসেঞ্জার গেট ও কার্গো হোল্ড খোলার সময়ের মধ্যে সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে কোনো ফ্লাইট অবতরণের আগেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে নিয়োজিত কর্মীদের পরিকল্পিত ও সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন বিমানমন্ত্রী।

ব্যাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে এর অগ্রগতি তাৎক্ষণিকভাবে যাত্রীদের জানানোর জন্য বিমানবন্দরে লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশও দেন বিমানমন্ত্রী।

পরিদর্শনকালে বিমানবন্দরের ওয়াশরুমগুলোর পরিচ্ছন্নতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেন মন্ত্রী। তিনি বিভিন্ন ওয়াশরুম সরেজমিনে পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও উন্নত সেবা নিশ্চিত করতে ওয়াশরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।