বাংলাদেশ ব্যাংকের পর এবার বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

বাংলাদেশ ব্যাংকের পর এবার ডিজিটাল ভূমিসেবার সার্ভার বন্ধ রাখা হয়েছে। পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর এ ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এ সময় ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নের কাজ করা হবে।
ডিজিটাল ভূমিসেবার মধ্যে আছে নামজারি বা মিউটেশন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংক। এ ছাড়া জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, ভূমি-সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন ফরম এবং সেবা নেওয়ার নির্দেশিকাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বন্ধ রাখা হয়।

