জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
জনপ্রশাসনে ৬ মাসে ২৮৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে: প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত

জনপ্রশাসনে শূন্য পদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী।

Advertisement

তিনি বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৪৫৯টি ও পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে।’

রোববার (২১ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

শূন্য পদের সংখ্যা জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসের শ্রেণিওয়ারি শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০।

তিনি জানান, প্রথম শ্রেণিতে (প্রথম-নবম) ৬৮ হাজার ৮৮৪, দ্বিতীয় শ্রেণিতে (দশম-১২তম) ১ লাখ ২৯ হাজার ১৬৬, তৃতীয় শ্রেণিতে (১৩তম-১৬তম) ১ লাখ ৪৬ হাজার ৭৯৯, চতুর্থ শ্রেণিতে (১৭তম-২০তম) ১ লাখ ১৫ হাজার ২৩৫ এবং অন্যান্য (অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক, যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে) ৮ হাজার ১৩৬টি পদ শূন্য রয়েছে।

রংপুর-৬ আসনের নুরুল আমীনের প্রশ্নের জবাবে মো. আবদুল বারী বলেন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণের জন্য সারা দেশে বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণের জন্য ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য ও অধিযাচন পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে চিঠি পাঠানো হয়েছে।

বিভিন্ন সরকারি দপ্তরে দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।