ঈদযাত্রার তৃতীয় দিনের টিকিট বিক্রি চলছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বৃহস্পতিবার (৫ মার্চ) তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বিক্রি হচ্ছে আগামী ১৫ মার্চের ট্রেনের টিকিট।
ঈদ উপলক্ষে বরাবরের মতো এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় ছাড়ছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমাতে সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৫ মার্চের টিকিট বিক্রি শুরু হবে।
রাজধানীর রেল ভবনে আয়োজিত ঈদযাত্রা প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের সূচি অনুযায়ী, গতকাল ৪ মার্চ বিক্রি হয়েছে ১৪ মার্চের টিকিট। আর আগামীকাল ৬ মার্চ বিক্রি হবে ১৬ মার্চের টিকিট। এ ছাড়া ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ ও ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট ছাড়ার সিদ্ধান্তও রয়েছে। এ ছাড়া নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার দিন স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকছে। বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানিয়েছে রেলওয়ে।