জিয়া পরিবার সবসময় খেলোয়াড়দের নিয়ে ভাবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, জিয়া পরিবার সবসময় দেশের খেলোয়াড়দের নিয়ে ভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেছেন। তিনি দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ডিসপ্লে উপভোগ করেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্পোর্টসকে তৃণমূল পযার্য়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যক্রমের প্রথম উদ্বোধন করবেন সিলেট জেলা থেকে, যা শুরু হবে আগামী ৩০ এপ্রিল থেকে।
আমিনুল হক বলেন, খেলাধুলা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে গত ৩০ মার্চ জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রথম পযার্য়ে বাংলাদেশের হয়ে বর্হিবিশ্বে সুনাম অর্জন করা ৫০০ ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকল ক্রীড়াবিদকে এর আওতায় এনে ক্রীড়া ভাতা দেওয়া হবে।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।