ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম মারা গেছেন

নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম (৮৯) মারা গেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক্স পোস্টে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রয়াত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময়কালে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন উইলিয়াম বি মাইলাম। অন্তর্বর্তী সরকারের সময়েও তিনি বাংলাদেশ সফর করেন।
এদিকে উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সেখানে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তার নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছিল।
পোস্টে আরও বলা হয়, ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর হাজারো মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘অপারেশন সি অ্যাঞ্জেল’ সংগঠনে তার অবদান স্মৃতি হয়ে থাকবে। রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে কাজ করে গেছেন।