চলন্ত লঞ্চে প্রসববেদনা, ৯৯৯ নম্বরে কল করে উদ্ধার

বরিশাল থেকে ঢাকাগামী চলন্ত লঞ্চে প্রসববেদনা উঠে সংকটাপন্ন হয়ে পড়া এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ কল পেয়ে কোস্টগার্ডের একটি দল স্পিডবোট নিয়ে মাঝনদীতে অভিযান চালিয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
রোববার (২০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বরিশাল মেহেন্দিগঞ্জের উলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাট থেকে ‘দোয়েল পাখি-১০’ নামের একটি লঞ্চে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকার রওনা দেন ওই নারী। যাত্রা শুরুর কিছু পরেই তার তীব্র প্রসববেদনা শুরু হয়। প্রসূতির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে দেখে লঞ্চের এক সহযাত্রী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সহায়তার আকুতি জানান।
কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল করুণা সরকার। বিষয়টি জানার পরপরই ৯৯৯ ডিসপাচার এএসআই মাসুম বিল্লাহ পুরো উদ্ধার তৎপরতার তদারকি ও সমন্বয় শুরু করেন। ৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি নারায়ণগঞ্জের কোস্টগার্ড কন্ট্রোলরুম ও নারায়ণগঞ্জ জোন নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দক্ষ উদ্ধারকারী দল দ্রুতগামী স্পিডবোট নিয়ে নদীর বুকে চলন্ত লঞ্চটির মুখোমুখি হয়। তারা সফলভাবে প্রসূতিকে উদ্ধার করে দ্রুততম সময়ে ঢাকার সদরঘাট পৌঁছে দেন। পরবর্তীতে স্বজনরা তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
