র্যাব সেভাবে থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‘এক অর্থে সেভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে’, এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বর্তমান সরকারের গত তিন মাসের কার্যক্রম তুলে ধরেন। সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জড়িত থাকা প্রমাণিত হয়েছে। এর ফলে জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা, দল ও সংগঠনের পক্ষ থেকে র্যাবকে বিলুপ্তির সুপারিশ এসেছে।
এর আগে ক্ষমতাসীন দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল।
এদিকে গতকাল সোমবার (১৮ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনে সরকার কাজ করছে।’
আজ র্যাব নিয়ে করা প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান জানান, গতকাল র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘র্যাব বিলুপ্তি নিয়ে যে দাবি হয়েছিল, এখনও র্যাব এক অর্থে আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন র্যাবের জন্য নতুন একটি আইন হবে।’
তিনি আরও বলেন, ‘র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেটাও জানিয়েছেন এই আইনটি করার জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সক্রিয়ভাবে কাজ করছেন।’
জাহেদ উর রহমান মনে করেন, ‘রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে।’ বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘একটি এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।’
