logo

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠকে খলিলুর রহমান, যে সম্পর্ক চাইছে ভারত

দিল্লিতে জয়শঙ্করের সঙ্গে একান্ত বৈঠকে খলিলুর রহমান, যে সম্পর্ক চাইছে ভারত

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন খলিলুর রহমান। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনাও করেন খলিলুর রহমান।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। তিনি পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দিল্লি সফরে গেছেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রতিবেশী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক বিষয় নিয়ে কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এস জয়শঙ্কর বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলক কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য ভারতের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ প্রাসঙ্গিক অংশীদারত্ব গভীর করার জন্য সম্মত হয়েছে। শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেছে।

আজ দুপুরে হায়দরাবাদ হাউসে পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠকে বসেন নিজেদের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে। তার আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে প্রাতঃরাশ সভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠক করেন।

ভারতে যাওয়ার প্রথম দিনেই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে অন্তর্বর্তী সরকার আমলে খলিলুর রহমানও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে ভারত সফরে গেলেন খলিলুর রহমান। মরিশাসে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে নিয়ে ‘শুভেচ্ছা’ সফরে গতকালই দিল্লি পৌঁছান তিনি।

তারা আগামীকাল সকালে মরিশাসের উদ্দেশে দিল্লি ছাড়বেন। ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।