কুমিল্লা-২ আসনের সীমানা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
এর ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ও তিতাস মিলে কুমিল্লা-২ আসন গঠিত হবে।
এর আগে, কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম।
পরে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।
পরে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন (ইসি)।