logo
Advertisement

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন

এশিয়া পোস্ট নিউজ
রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন
রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন। ছবি: সংগৃহীত

বঙ্গভবনে আজ জোড়া শপথ অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে সাতটায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, এ শপথ অনুষ্ঠানে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়েছে, ‘সন্ধ্যায় সাড়ে ৭টায় মহামান্য রাষ্ট্রপতি দরবার হলে আগমন করবেন। জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের পর মাননীয় স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।’

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। শুক্রবার রাজধানীর গুলিস্তানে বঙ্গভবনের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, জনবহুল এ এলাকার চিত্রে এসেছে বেশ পরিবর্তন। সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বঙ্গভবনের সামনের দীর্ঘদিনের ব্যারিকেডও সরিয়ে নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে যান চলাচলে ডাইভারশন রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকেও অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়েছে। ফলে ফুটপাত ও আশপাশের এলাকা অনেকটাই ফাঁকা দেখা গেছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্দেশনাও দিয়েছে।

বঙ্গভবনের বাইরে থেকে ভেতরের আয়োজনের বিস্তারিত বোঝা না গেলেও রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে সেখানে বড় ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনের সামনের অংশ পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে। প্রবেশপথ ও বিভিন্ন স্থাপনার আশপাশের সৌন্দর্য এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরে তারা দরবার হলে যাবেন।

রাষ্ট্রপতির শপথের পর মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নতুন সদস্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাদের জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। এ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অলি আহমদ।

এ নির্বাচনে সাধারণ সংসদ সদস্য ও সংরক্ষিত মিলিয়ে মোট ৩৪৯ জন ভোটার ছিলেন, যাদের মধ্যে ৯ জন ছিলেন অনুপস্থিত। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। আর অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বিকালে সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সন্ধ্যায় এ ফলের গেজেট প্রকাশ করা হয়।