জুলাই গণহত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

রাজধানীর মহাখালী থেকে আটক ডিবিসি টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ডিবি কার্যালয়ে নেওয়া চ্যানেলটির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জুলাইয়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ডিবি।
ইকবাল সোবহান চৌধুরী জুলাই আন্দোলন চলাকালীন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ছিলেন।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদ শেষে কিছু না পাওয়ায় রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

