‘দুদক ও বাংলাদেশ ব্যাংকে সৎ লোক নিয়োগ দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ’

পরিবর্তনের হাওয়া বইলেও দখলদারত্ব বন্ধ না হলে কোনো সুফল মিলবে না। গ্রামগঞ্জে দখলদারি আর দলবাজি চলতে থাকলে ‘যেই লাউ সেই কদু’ অবস্থাই বজায় থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এই মন্তব্য করেন তিনি। সাবেক এনবিআর চেয়ারম্যান বলেন, তারেক রহমান যদি তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো যোগ্য ও বিশ্বস্ত লোকদের নিয়ে প্রশাসন ও মন্ত্রিসভা গঠন করতে পারেন, তাহলে আশাবাদী হওয়ার সুযোগ আছে। পরিবর্তনের হাওয়া বইলেও মাঠ পর্যায়ে দখলদারত্ব বন্ধ না হলে কোনো সুফল মিলবে না। রাজনৈতিক সংস্কারের জন্য যোগ্য ও মেধাবী মানুষদের যথাযথ মূল্যায়ন করা জরুরি।
তিনি আরও বলেন, সরকারের ভেতর অযোগ্য লোক ঢুকে পড়লে সেই সরকার কোনো সংস্কারই বাস্তবায়ন করতে পারে না। বাংলাদেশ ব্যাংক বা দুদকের মতো প্রতিষ্ঠানগুলোতে সৎ লোক নিয়োগ দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মীদের কঠোর নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।
বদিউর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো সফল হবে কি না, তা এখনই মূল্যায়ন করার সময় আসেনি। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তারেক রহমানের নেতৃত্বকে সফল করতে হলে দলের ভেতর থেকে সুবিধাবাদীদের বিদায় করতে হবে। দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।





