logo

তেল মজুতকারীদের বিরুদ্ধে ২০০ মামলা

তেল মজুতকারীদের বিরুদ্ধে ২০০ মামলা

সারা দেশে ৩৯১টি জায়গায় অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ৯ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

পোস্টে তিনি লেখেন, এ অভিযানে সাতক্ষীরা জেলার ১ জনকে ২ মাস, চাঁদপুর জেলার ১ জনকে ১ বছর এবং গাজীপুর জেলার ১ জনকে ১ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলেও পোস্টে জানানো হয়।

এদিকে জ্বালানি বিভাগ থেকে জানা গেছে, সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার।

জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন পেট্রোল, ডিজেল, অকটেন ও জেট ফুয়েল মজুত রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন ডিজেল, ৭ হাজার ৯৪০ অকটেন, ১১ হাজার ৪৩১ টন পেট্রোল ও জেট ফুয়েল মজুত রয়েছে ৪৪ হাজার ৬০৯ টন।