প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান। তিনি হাসান শিপলু নামে সাংবাদিক মহলে বেশ পরিচিত।
সোমবার (২ মার্চ) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মোস্তফা জুলফিকার হাসানকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।
হাসান শিপলু বর্তমানে একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি কালের কণ্ঠ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আছেন সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, আর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু। তাদের সবাইকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।