logo

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি

এইচএসসিতে ভালো ফল, ৩০ শিক্ষার্থীর কাছে ডিসি ফরিদার চিঠি
ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম (ইনসেটে শিক্ষার্থীদের কাছে পাঠানো চিঠি)। কোলাজ ছবি: এশিয়া পোস্ট

এইচএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফল করায় ৩০ জন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।

শুধু পরীক্ষায় ভালো ফলের প্রশংসা নয়, চিঠিতে শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবন, উচ্চশিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশ গঠনে ভূমিকা রাখার বিষয়ে উৎসাহ দিয়েছেন তিনি। পাঠিয়েছেন উপহার সামগ্রীও।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘তোমার হাতে এই চিঠিটি যখন পৌঁছাবে, হয়তো তুমি ভাববে, জেলা প্রশাসক কেন একজন শিক্ষার্থীকে আলাদাভাবে চিঠি লিখেছেন? কারণ, তোমার মধ্যে আমি শুধু আজকের একজন মেধাবী শিক্ষার্থীকে নয়, আগামী দিনের একজন আলোকিত মানুষকে দেখতে পাচ্ছি।’

চিঠিতে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীর সাফল্যে ঢাকা জেলা প্রশাসন ও নিজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে ফরিদা খানম বলেন, এই অর্জন শুধু শিক্ষার্থীর মেধা ও বিনিদ্র রজনীর অক্লান্ত পরিশ্রমের ফল নয়, এটি তার বাবা-মা ও শিক্ষকদের অবিচল আস্থা এবং ত্যাগেরও প্রতিফলন।

তিনি আরও লেখেন, উচ্চমাধ্যমিকের এই সিঁড়ি পার হয়ে শিক্ষার্থী সম্ভাবনার এক বিশাল দিগন্তে পা রেখেছে। তবে এটি কোনো গন্তব্য নয়, বরং একটি মহাযাত্রার শুরু। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের নতুন অধ্যায়ে নিজেকে আরও বেশি কৌতূহলী, সাহসী ও জ্ঞানপিপাসু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চিঠিতে বর্তমান সময়ের বাস্তবতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, আধুনিক যুগে শুধু জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেকে আটকে না রেখে তথ্যপ্রযুক্তি, মানবিক মূল্যবোধ ও গভীর দেশপ্রেমে বলীয়ান হতে হবে। শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে এমন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান, যে শুধু নিজের ক্যারিয়ার গড়বে না, বরং নিজের মেধা দিয়ে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবে।

ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দিয়ে ফরিদা খানম চিঠিতে লেখেন, ‘হয়তো অনেক বছর পর তুমি এই চিঠিটি আবার পড়বে। যখন তোমাকে ঘিরে তোমার বাবা-মায়ের স্বপ্ন পূরণ হবে। তোমার জীবনের পথ অনেক দূর এগিয়ে যাবে। সেই দিনটিতে যেন তুমি ফিরে তাকিয়ে বলতে পারো; আমি আমার স্বপ্নকে সম্মান করেছি, আমার মেধার মর্যাদা রেখেছি এবং একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি।’

চিঠির শেষাংশে শিক্ষার্থীর অদম্য পথচলা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়ে তার সাফল্যের প্রতিটি শিখরে বিজয় কামনা করেন ঢাকা জেলা প্রশাসক।