হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
জাতীয় পাট দিবস উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা পূরণে অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হবে। আমাদের জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে।
জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের পাশে আছে জানিয়ে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় কৃষি ঋণ মওকুফ সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।
মোঃ সাহাবুদ্দিন বলেন, গণতান্ত্রিক সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার কর্মসংস্থান তৈরি, তাই এক কোটি মানুষকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে সরকার।
এ সময় বিশ্ববাজারে পাটজাত পণ্যের চাহিদা পূরণে আরও আধুনিক এবং বৈচিত্র্য আনার ওপর জোর দেন রাষ্ট্রপতি। চাষিদের পাট চাষের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা উন্নত প্রযুক্তির উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করুন।
রাষ্ট্রপতি বলেন, পাট বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবের অংশ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর কারণে পাটের গুরুত্ব বহুগুণ বেড়েছে। আমাদের এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ পরিহার করুন। সাশ্রয়ী মূল্যের পাটের ব্যাগ ও পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করুন। আমাদের বিশ্বাস বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাটখাতে সোনালি দিন ফিরে আসবে।
মোঃ সাহাবুদ্দিন বলেন, বর্তমান কৃষি এবং কৃষকবান্ধব সরকার ১৪ এপ্রিল থেকে পর্যায়ক্রমে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। এর মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র, সহজ শর্তে ঋণ, কৃষি বিমাসহ বিভিন্ন সুবিধা পাবেন। সরকারের এসব উদ্যোগের ফলে অর্থনীতি শক্তিশালী হবে।