মহানবীর (সা.) জীবনী লিখতে চান আসিফ নজরুল

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)। বিশ্বের বহু নামদামি লেখক তার জীবনী লিখেছেন। এবার সহজ ভাষায় বিশ্বনবীর জীবনী লেখার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার (৭ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, কয়েক বছর আগে আমি হজ করে আসি। এরপর ধর্মীয় বিষয়ে জানার আগ্রহ বৃদ্ধি পায়। মহানবীর (সা.) বেশকিছু জীবনী পড়ি।
মনে একটা প্রবল ইচ্ছে জন্ম নেয়, সহজ ভাষায় মহানবীর (সা.) জীবনী লেখার। মানুষের পথপ্রদর্শক ছাড়াও ব্যবসা, যুদ্ধপরিচালনা, কূটনীতি, দেশশাসন, মানবাধিকার ইত্যাদি ক্ষেত্রে বিশ্বনবীর অসামান্য সাফল্যকে তুলে ধরার।
আসিফ নজরুল আরও লিখেছেন, এটা অনেক বড় কাজ, অনেক বিশাল। তবু আমি সাহস করে প্রস্তুতির কাজ শুরু করি। এর মধ্যে দেশে সরকার পরিবর্তন হয়। আমার পুরো পৃথিবী বদলে যায়। লেখালেখি দূরের কথা, এগুলো নিয়ে ভাবার সময় পর্যন্ত পেতাম না।
আল্লাহর রহমতে এখন আবার স্বাভাবিক জীবনে ফেরত এসেছি। আবার আমার মনে পুরোনো ইচ্ছেটা জাগ্রত হচ্ছে। ইনশাআল্লাহ শুরু করব। আপনারা দোয়া করবেন।