logo

সুবিধাবঞ্চিত নারী-শিশুদের নিয়ে ইফতার করলেন জুবাইদা রহমান

সুবিধাবঞ্চিত নারী-শিশুদের নিয়ে ইফতার করলেন জুবাইদা রহমান

রাজধানীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশানস্থ জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী ও শিশু অংশ নেন।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান ছাড়াও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, জেডআরএফের ডিরেক্টরদের মধ্যে অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, অধ্যাপক লুৎফর রহমান, ব্যারিস্টার মীর হেলাল, অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

ইফতার মাহফিলে ঢাকা-১৭ আসনের ভাসানটেক, কড়াইল বস্তিসহ সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত নারী ও শিশুরা উপস্থিত ছিলেন। 

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. জুবাইদা রহমান নারী ও শিশুদের সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা। নারীরা যখন নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখনই একটি সমাজ সত্যিকার অর্থে উন্নত হবে। 

জুবাইদা রহমান আরও বলেন, শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের ফাউন্ডেশনের অন্যতম প্রধান অঙ্গীকার। শিশুরা আগামীতে বড় হয়ে যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি। 

জেডআরএফ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে। বিএনপি সরকার বিশ্বাস করে নারী মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা হলে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জন সহজ হবে। দেশে-বিদেশে কর্মসংস্থানে যাতে অগ্রাধিকার পাওয়া যায় সে কারণে মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা প্রয়োগ ও কারিকুলামে কারিগরি শিক্ষা অন্তর্ভূক্ত করা হবে।

তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে বিএনপি জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো এখন পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনস্বার্থে দেওয়া সেই সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন, যা দেশের সাধারণ মানুষের ভাগ্য বদলে সহায়ক হবে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় এক নিরন্তর পথচলা।