logo

৯১ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের

৯১ প্রতিষ্ঠানকে জরিমানা ভোক্তা অধিকারের
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

ফল, চাল-ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ৩০টি জেলায় ৯১টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) অধিদপ্তরের ৪০টি দল ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান পরিচালনা করে।

এক বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধে তদারকি করা হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের মজুত, নিরাপত্তাবিধি, মেয়াদ এবং সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করা হয়।

ফলের বাজারে ক্রয় ভাউচার ও বিক্রয় রসিদ পরীক্ষা করেন ভোক্তা অধিকার কর্মকর্তারা। অন্যদিকে, ভোজ্যতেলের বাজারে সরবরাহ পরিস্থিতি এবং এক ও দুই লিটারের বোতলজাত তেলের প্রাপ্যতা খতিয়ে দেখা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুত এবং পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট