logo
Advertisement

তিন জেলায় মাঠ প্রশাসনে সমন্বয় বাড়ানোর নির্দেশ মীর শাহে আলমের

এশিয়া পোস্ট নিউজ
তিন জেলায় মাঠ প্রশাসনে সমন্বয় বাড়ানোর নির্দেশ মীর শাহে আলমের
স্থানীয় সরকার সভাকক্ষে আয়োজিত সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি ও মাদক প্রতিরোধ, সুশাসন নিশ্চিত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার নির্দেশনা অনুযায়ী আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

​প্রতিমন্ত্রী মীর শাহে আলম জেলা প্রশাসকদের নিয়মিতভাবে সব উপজেলা পরিদর্শনের পরামর্শ দেন। একই সঙ্গে কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা সভায় কাজের গতি ও সমন্বয় বাড়াতে পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেন।

জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো জরুরি বিষয় তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করার নির্দেশ দিয়ে তিনি বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় আরও বাড়াতে হবে।

তৃণমূল পর্যায়ের বাস্তব চিত্র দেখতে দ্রুতই জেলাগুলো সফরে যাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

​সভায় তিন জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা বাড়ানো হচ্ছে। 'নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬'-এর আওতায় নিয়মিত মামলা রুজু ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো ঠেকাতে সঠিক তথ্য দ্রুত প্রচারের ওপর জোর দেওয়া হচ্ছে।

কৃত্রিম সংকট এড়িয়ে কৃষকরা যাতে সময়মতো সার পান, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 'সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬' অনুযায়ী শূন্য পদে দ্রুত ডিলার নিয়োগে জেলা ও উপজেলা কমিটিকে সক্রিয় করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল হতে আহ্বান জানান তিনি।

​অনলাইন জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং রংপুর বিভাগের উপ-মহাপুলিশ পরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের প্রতিনিধিরা যুক্ত ছিলেন।