দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উন্নয়নের পাশাপাশি জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্রুত বিকাশ ঘটছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ও দক্ষভাবে সমস্যার সমাধান দিচ্ছে।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক, দক্ষ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআইকে কাজে লাগাতে হবে।
সোমবার (১৫ জুন) বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পানিসম্পদ মন্ত্রী বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে জটিল তথ্য বিশ্লেষণ, বিভিন্ন খেলা এবং তাৎক্ষণিক জ্ঞান সরবরাহসহ নানা ক্ষেত্রে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এআইকে মানুষের বিকল্প না ভেবে মানুষের সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলতে হবে।
এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বুদ্ধিমত্তা ও জ্ঞানভিত্তিক আধুনিক চিন্তাধারা উন্নয়নের সকল ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করছেন। শিক্ষা, গবেষণা ও উন্নয়নে এআইকে কিভাবে কাজে লাগানো যায় তা খুঁজে বের করার আহ্বান জানান মন্ত্রী।
বুয়েটের আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন বুয়েটের উপাচার্য প্রফেসর ড. একরামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাসিব চৌধুরী, মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গণি।