ডা. মওদুদ হোসেনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

এশিয়া পোস্ট প্রতিবেদক
ডা. মওদুদ হোসেনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
চিকিৎসাধীন ডা. মওদুদকে দেখতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক। ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ডা. মওদুদকে দেখতে চান তিনি। এ সময় ডা. বিটু কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক ডা. পাভেলের চিকিৎসার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. বিটু পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে অধ্যাপক ডা. পাভেলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতা (Myocardial Infarction) জনিত কারণে অধ্যাপক ডা. পাভেল বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (CCU) চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ। দেশের চিকিৎসা অঙ্গনের অন্যতম বিশিষ্ট এই সার্জন দেশে-বিদেশে তার অসামান্য অবদানের জন্য সুপরিচিত এবং ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন। তিনি বর্তমানে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।