logo

‘গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে’

‘গুম হওয়া পরিবারকে ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে’

যারা গুম ও খুন হয়েছেন— তাদের পরিবারের সদস্যদের ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৮ মার্চ) আগারগাঁও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে ‘মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, গুম হওয়া মুন্নার মা এখন খুব কষ্ট করে ছেলে-মেয়েদের নিয়ে জীবনযাপন করছেন। শুধু এই পরিবারই নয়, এমন অনেক পরিবার আছে, যারা অসীম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোর জন্য এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বিএনপি মহাসচিব বলেন, আমি আজ আপনাদের সামনে বলছি, আমি ফিরে গিয়েই প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি লিখব। এই পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি। আজ আমরা কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় চাকরি করছি- এখানে আমাদের সচিবও আছেন। আমরা সবাই নিজেদের অবস্থান তৈরি করেছি। কিন্তু যারা এই সংগ্রামের জন্য হারিয়ে গেছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে। অন্তত তাদের ভবিষ্যৎ সুন্দর করার চেষ্টা আমরা করতে পারি। তাহলেই আমাদের সরকারের আসাটা সার্থক হবে।

তিনি বলেন, এই পুরো সংগ্রামের সময় যে সাহসী মানুষগুলো আমাকে অনুপ্রেরণা দিয়েছে, আমি সবসময় তাদের স্মরণ করি। সেই সময়টা আমি জানি- কিভাবে একা এককভাবে লড়াই হয়েছে।