logo

বায়োজিনের বিবৃতিতে এড়িয়ে গেল মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানা প্রসঙ্গ

বায়োজিনের বিবৃতিতে এড়িয়ে গেল মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানা প্রসঙ্গ
বায়োজিন কসমেসিউটিক্যালসের লোগো ও বিবৃত। ছবি: কোলাজ

মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিক্যাল পাওয়ার কারণে বায়োজিনের কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বুধবার (১৮ নভেম্বর) ওই জরিমানার পর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে শনিবার (২১ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছে বায়োজিন। বেলা সাড়ে তিনটার দিকে দেওয়া বিবৃতিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও জরিমানা প্রসঙ্গ এড়িয়ে গেছে প্রতিষ্ঠানটি।

Advertisement

বিবৃতিতে বলা হয়, বিভ্রান্তি বা অপপ্রচার নয়, সত্যই সাহস, অর্জিত আস্থাই আমাদের শক্তি ডেল কার্নেগীর একটি বিখ্যাত উক্তি, ‘মৃত কুকুরকে কেউ লাথি দেয় না’। বায়োজিন কসমেসিউটিক্যালস (Bio-Xin Cosmeceuticals) ১ দশমিক ৮ মিলিয়ন মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের পরিবার। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে আস্থা ও ভালোবাসার বন্ধন ভাঙা যায় না, এটাই আমাদের বিশ্বাস। আমরা লক্ষ্য করছি, একটি মহল বায়োজিন কসমেসিউটিক্যালস সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর, অনুমাননির্ভর ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছি। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কখনোই সফল হয়নি, আর হওয়ার সম্ভাবনাও নেই।

এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, বায়োজিন সবসময় পণ্যের গুণগত মান, নিরাপত্তা ও গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে। আমাদের পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য বিএসটিআই মান ও অনুমোদন এবং বিসিএসআইআরের মাধ্যমে সম্পন্ন প্রাসঙ্গিক ডার্মাটোলজিক্যাল পরীক্ষার বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করি। পক্ষপাতিত্ব বা কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা প্ররোচিত হয়ে কোনো পণ্যকে ‘ভেজাল’ বলে অপপ্রচার করা গুরুতর অভিযোগ। এমন অভিযোগের সত্যতা নির্ধারণে যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা, নির্ভরযোগ্য প্রমাণ এবং প্রযোজ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। প্রমাণ ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে আমরা আইনানুগ প্রতিকার গ্রহণের অধিকার সংরক্ষণ করি। আমাদের সবচেয়ে বড় অর্জন আপনাদের ভালোবাসা, আর সবচেয়ে বড় শক্তি আপনাদের বিশ্বাস।

বিবৃতিতে বলা হয়, আপনাদের ভালোবাসা ও আস্থা নিয়েই বায়োজিন এগিয়ে এসেছে, এগিয়ে যাবে। এ ধরনের কোনো অপপ্রচার আমাদের মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার অঙ্গীকার থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা অপপ্রচারের জবাব দেবো গুণগত মানের প্রমাণ এবং আইনের মাধ্যমে। আপনাদের অব্যাহত ভালোবাসা, আস্থা ও সহযোগিতা কামনা করছি। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। অপপ্রচার নয়-সত্যই সাহস, আস্থাই শক্তি।

ছয় মাস আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া বিভিন্ন উপাদান ও কেমিক্যাল নিয়ে কসমেটিকস পণ্য উৎপাদন করে বায়োজিন। বিষয়টি হাতেনাতে ধরা পড়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ উপাদান ও কেমিক্যালে তৈরি এসব পণ্য ঢাকাসহ বায়োজিনের ২৪টি শাখায় বিক্রি করা হয়। এ ছাড়া ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে অনলাইনেও এসব পণ্য বিক্রি করছে প্রতিষ্ঠানটি।

বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োজিনের পণ্য উৎপাদনকারী কারখানা ‘গ্রিন বায়োটেকনোলজি’-তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। অভিযানে আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল। এ সময় প্রতিষ্ঠনটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, ‘বায়োজিনের কারখানায় এসে যা দেখলাম, তা অবিশ্বাস্য। যেসব রাসায়নিক ব্যবহার করে পণ্য তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। এতে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

জব্দ করা বিভিন্ন ধরনের কাঁচামাল ধ্বংস করা হবে জানিয়ে শরিফুল ইসলাম বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারা অনুযায়ী ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য তৈরি করে। উৎপাদন কার্যক্রম পরিদর্শনে আকস্মিক অভিযান চালিয়ে সেখানে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক পাওয়া যায়। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে।’