logo
Advertisement

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

এশিয়া পোস্ট নিউজ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শি জিনপিং (বাঁ থেকে)। ছবি: বাংলা স্ট্রিম থেকে নেওয়া

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) এক অভিনন্দনবার্তায় তিনি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানান।

Advertisement

বার্তায় চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন শি জিনপিং। তিনি বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান ও সমতার চোখে দেখেছে, একে অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়গুলোতে সমর্থন করেছে এবং হাতে হাত রেখে নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে।

চীন ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলেও উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট।

চীনের রাষ্ট্রপতি আরও জানান, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার করতে কাজ করতে চান তিনি। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ বাড়ানো, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন শি জিনপিং।

তার প্রত্যাশা, এসব উদ্যোগের মাধ্যমে নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যৎ সম্প্রদায়ের সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের ফল প্রকাশের পর মির্জা ফখরুলকে অভিনন্দন জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। এক বার্তায় তারা দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন অনেক গুরুত্ব দেয় এবং নতুন এই যুগে যৌথ প্রচেষ্টায় ‘অভিন্ন ভবিষ্যতের জন্য চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ার ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করতে প্রস্তুত, যাতে দুই দেশ ও দুই দেশের জনগণের বড় ধরনের উপকার হয়।