ডিএমপি কমিশনার হলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোসলেহ্ উদ্দিন আহমেদ।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমানে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন আদেশ অনুযায়ী, মোসলেহ্ উদ্দিন আহমেদকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ বদলি/পদায়ন সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তরসহ গুরুত্বপূর্ণ দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
প্রায় দুই মাস ধরে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার পদটি শূন্য রয়েছে। সাবেক কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দুজন দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরেই ডিএমপির নতুন কমিশনার কে হচ্ছেন, তা নিয়ে পুলিশ প্রশাসনে নানা আলোচনা চলছিল।
১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ্ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউএনএএমআইডিতেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ্ উদ্দিন আহমেদ।
এর আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস) পদেও দায়িত্ব পালন করেন তিনি। তার বাড়ি খাগড়াছড়ির রামগড় উপজেলায়।
