ডিসি মাসুদের অপসারণের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহসভাপতি নাঈম উদ্দিনের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের অপসারণ দাবি করেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানা ঘেরাও করেন ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় ডিসি মাসুদের বিরুদ্ধে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে বক্তারা বলেন, বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশ, মিছিলে হামলা, মারপিটের ইতিহাস তার আছে। এরপরও বহুদিন ধরে তিনি শাহবাগ থানায় আছেন, এবং তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। নির্বাচিত সরকার আসার পরও তার বিরুদ্ধে কোনো তদন্ত করা হয়নি।
বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে যেসব কনস্টেবল জড়িত ও নির্দেশদাতার বিরুদ্ধে তদন্ত করতে হবে। এফআইআর দায়ের করতে হবে। পূর্বেও তারা এ ধরনের যেসব হামলার সঙ্গে জড়িত ছিল, সেগুলোরও তদন্ত করতে হবে। প্রয়োজনে তাকে (ডিসি মাসুদ) অপসারণ করতে হবে এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
এর আগে, সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় বেশ কয়েকজন সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর হামলা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার কয়েকটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে নিন্দা জানানো হয়। এই দুই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদও (ডাকসু)।