logo

শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার তৈরি করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিকতায় ভালো ডাক্তার হিসেবে তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা সৃষ্টিতে বেসরকারি মেডিকেল কলেজগুলো সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। এটি অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে। আর নৈতিক চিকিৎসক হলেই কেবল আমরা মানসম্মত চিকিৎসা পাব।

শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় রাজধানীর বিমানবন্দরে ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ বাঁচাতে হলে ভালো ভালো ডাক্তার বানাতে হবে। এ ব্যাপারে মোটিভেশন চালাতে হবে বেসরকারি মেডিকেল খাতকে। মেডিকেল শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করতে হবে, যেন তারা চাপের মুখে হতাশায় না ভোগে।

তিনি আরও জানান, বর্তমানে দেশের হামের প্রকোপ নিয়ন্ত্রণে আগামী ২০ এপ্রিল সারা দেশে টিকা দেওয়া হবে। এ ক্ষেত্রে ডাক্তাররা যথেষ্ট ত্যাগ ও ধৈর্য নিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। করোনাকালে তারা রোগীদের জন্য অসামান্য ত্যাগ স্বীকার করেছেন।

সাখাওয়াত হোসেন বলেন, কোভিড মহামারিতে বিশ্বব্যাংকের অর্থায়নে যেসব জেলায় আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সেবা চালু হয়েছিল, এমন ১০টি আইসিইউ ইউনিট আগামী সপ্তাহে চালু করা হবে। যেখানেই আইসিইউ সংকট রয়েছে, সেখানেই কাজ করার চেষ্টা করছে সরকার। 

বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মাদ সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাডুকেশন অ্যাক্রেডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডীন অধ্যাপক ডা. নাদিম আহম্মদ। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিপিএমসিএ’র সাধরণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহসভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, সহসভাপতি ডা. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর, ইউনিভার্সল মেডিকেল কলেজের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।

এ বিপিএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিন বিকেলে বিপিএমসিএ’র ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।