logo
Advertisement

এসআই আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে পুলিশ অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
এসআই আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে পুলিশ অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়শেনর লোগো। ছবি : গণমাধ্যম

স্পেশাল ব্রাঞ্চে কর্মরত এসআই মো. আলতাফ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার (৫ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি ফ্যাক্টরির সামনে প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে সংঘটিত নৃশংস হামলায় স্পেশাল ব্রাঞ্চের এসআই মো. আলতাফ হোসেন, বিপি-৬৮৮৬০৫০৬০০ (৫৮) নিহত এবং তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ঘটনার সময় আনুমানিক ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ১৮ মিনিটে আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আরিফুল ইসলাম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

একজন পুলিশ কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা এবং তার সন্তানকে গুরুতর আহত করার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, বর্বর ও উদ্বেগজনক। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে, এ ধরনের নৃশংস ঘটনা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়; বরং তা আইনের শাসন, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। অতএব, ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নিহত এসআই আলতাফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।