logo

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনার বলেন, এ নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং এটি একটি দায়িত্ব। আমি আশা করি আপনারা সচেতনভাবে এ দায়িত্ব পালন করবেন। 

রাজনৈতিক দল ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সবাই দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এ বিষয়টি স্মরণে রেখে উৎসবমুখর পরিবেশ রক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় মেনে নেবেন।   

জুলাই অভ্যুত্থানের দেড় বছর বাদে বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে। দেশের ২৯৯টি আসনে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের ভোট পরে হবে।

পরদিন শুক্রবারের (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করবে ইসি।