কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফল এনজিওপ্লাস্টি

এশিয়া পোস্ট প্রতিবেদক
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো সফল এনজিওপ্লাস্টি
ছবি: সংগৃহীত

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ক্যাথ ল্যাবে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন (পিসিআই) বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম হাসপাতালটিতে এ ধরনের জটিল হৃদরোগ চিকিৎসা সফলভাবে সম্পন্ন হওয়ায় এটি একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (৫ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের হৃদপিণ্ডে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন করেন।

বর্তমানে ওই পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই সেবা চালু হওয়ায় হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এখন থেকে বাংলাদেশ পুলিশের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসা এবং জরুরি কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা আরও দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, দক্ষ জনবল গঠন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কাজ করে যাচ্ছে।