logo
Advertisement

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার’

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার’
জাতীয় সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশে চলমান গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে লংমার্চ নয়, কার্যকর পরিকল্পনা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে গাড়ির লংমার্চ কোনো কার্যকর পদ্ধতি নয়। লংমার্চ করে যদি গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান করা যেত, তাহলে সরকারই সবার আগে ওই আয়োজন করত।’

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে দেওয়া বক্তব্যে বিরোধীদলের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলের লংমার্চের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ভোগান্তিতে রয়েছে। গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে বিরোধীদলের সহযোগিতা প্রত্যাশা করেছিল সরকার। কিন্তু এর পরিবর্তে বিরোধীদল একটি বড় গাড়ির লংমার্চ আয়োজন করেছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, ‘২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদ্যুৎ সংকট মোকাবিলার কথা বলে অফিসের সময়সূচি পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানো এবং ব্যাংকের লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার কোনো অজুহাত দেখিয়ে জনগণের সমস্যার সমাধান এড়িয়ে যেতে চায় না।’

কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় কুইক রেন্টাল ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু এর মাধ্যমে কিছু মানুষকে সুবিধা দিতে গিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত ও আর্থিকভাবে দুর্বল করা হয়েছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন মানুষ একটি কথা বলে যে, জনগণকে অযথা উত্তেজিত করে অন্য কিছু করার অপচেষ্টা করা হয়েছিল।’

বক্তব্যে সংসদ সদস্যদের দায়িত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণ তাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। সরকারি দল কিংবা বিরোধীদল—সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব হলো দেশের বাস্তব পরিস্থিতি ও সঠিক চিত্র জনগণের সামনে তুলে ধরা।’